বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। অবরোধের ফলে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর ট্রাফিক পুলিশ চান্দনা চৌরাস্তায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক আল মামুন জানান, দুপুরে দিকে ঢাকামুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবহিনী শ্রমিকদের রাস্তা হতে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
.png)
শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপের ৩ হাজার ৩০০ জন শ্রমিক এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি। এ নিয়ে তারা কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানালেও কোনো ফল না পাওয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বায়োজিদ মিয়া বলেন, শ্রমিকদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি, দ্রুত সমাধানে পৌঁছানো যাবে।
এদিকে, শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকপক্ষ, শ্রমিক নেতা এবং শিল্প পুলিশের মধ্যে সমন্বয় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে টিএনজেড এ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।