ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা

যুবলীগ ক্যাডার হানিফের ‘বোন জামাই’ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৪, ২৫ অক্টোবর ২০২৪
যুবলীগ ক্যাডার হানিফের ‘বোন জামাই’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন সংলগ্ন রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলায় ঘটনায় হওয়া মামলায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হামলাকারী যুবলীগ ক্যাডার হানিফের বোন জামাইও রয়েছেন।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি হাবিবুর রহমান। এর আগে, বুধবার ও বৃহস্পতিবার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হলেন।

নতুন গ্রেফতারকৃতরা হলেন হাটহাজারী থানার এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদের গোল মোহাম্মদ তালুকদার পাড়ার মোহাম্মদ শাহ আলমের ছেলে ফরহাদুল আলম, পৌরসভার মধ্যম পাহাড়তলী আদর্শ গ্রামের মোহাম্মদ শাহাদাত হোসনের ছেলে মোহাম্মদ রাশেদ, ফতেপুর ইউনিয়নের চবি রেলওয়ে কলোনির সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ জহিরুল আলম, ঠাকুরগাঁও জেলার রোহিয়া থানার রাজাগঞ্জ ইউনিয়নের আশান নগর এলাকার আবদুল জলিলের ছেলে চবি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার দূর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে বর্তমানে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন এবং ফতেহপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার রতন কুমারের ছেলে ইমন কুমার নাথ। এরমধ্যে মোহাম্মদ জহিরুল আলম শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় যুবলীগ ক্যাডার হানিফের বোন জামাই বলে জানা গেছে।

Advertisement

পুলিশ জানায়, নতুন করে ছয়জনসহ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ অক্টোবর ভোরে চবি রেলস্টেশন সংলগ্ন আপ্যায়ন রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ক্যাডার হানিফ এবং তার ভাই ইকবাল বাহিনীর লোকজন হামলা ও ভাঙচুর করে। একই সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে হাটহাজারী মডেল থানায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে, সোমবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হওয়া পাঁচজন হলেন- উত্তর ফতেয়াবাদ এলাকার ইদ্রিছ সওদাগরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ ওরফে ফারুক, পৌরসভার পশ্চিম দেওয়ান নগর মৌলভীপাড়ার আবুল বশর পোস্ট মাস্টার বাড়ির মহিবুল হকের ছেলে মোহাম্মদ সুমন, ফতেহপুর ইউনিয়নের ইসলামিয়ারহাট সৈয়দপাড়ার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ ইসতিয়াক আহমেদ, একই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড লাল মিয়া সওদাগর বাড়ীর মোহাম্মদ আমির হামজার ছেলে মোহাম্মদ রাশেদ ও সাত নম্বর ওয়ার্ডের পূর্ব ভবানীপুর (মধুপুর) এলাকার ছালেহ আহমদের ছেলে মোহাম্মদ আবু তাহের।

হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান বলেন, বুধবার ও বৃহস্পতিবার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

 
গ্রেফতারকৃত জহিরুল আলম
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!