প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের নারায়ণ চন্দ্র মজুমদারের ১ একর ৪৫ শতকের সুপারিবাগানটি বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের প্রভাবশালী অশোক কুমার মজুমদারের নেতৃত্বে ৭-৮ জন সংঘবদ্ধ বহিরাগত ভাড়াটিয়া লোকজন জোরপূর্বক দখলে নেয়। পরে তারা ওই বাগানের ফলন্ত ২ লাখ টাকার সুপারি নিয়ে যায়। প্রভাবশালীরা একই রাতে বৃদ্ধ ওই কৃষকের আরো একটি বাগান থেকে ৩০ হাজার টাকার সুপারি পেড়ে নেয়।
ভুক্তভোগী কৃষক নারায়ণ চন্দ্র বলেন, দীর্ঘদিনের ভোগদখলীয় সুপারিবাগানটি থেকে বছরে ২ লাখ টাকার সুপারি বিক্রি করে আমার সংসার চলে। স্বামী-স্ত্রী দুইজন বাড়িতে থাকি। একমাত্র ছেলে পড়ালেখার সুবাদে পিরোজপুর জেলা শহরে থাকে। ওরা সংঘবদ্ধ ৭-৮ জন ছিল। লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে চোখের সামনে বাগানটি দখল করে নিয়ে ২ লাখ টাকার সুপারি পেড়ে নেয়। বৃদ্ধ মানুষ তাই ভয়ে বাধা দিতে যাইনি। থানায় অভিযোগ দিয়েছি। প্রভাবশালীদের দখলে নেয়া আমার জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ন্যায় বিচারের জন্য স্থানীয়ভাবে অনেকের দ্বারে দ্বারে গিয়ে জানিয়েছি।
.png)
এ বিষয়ে অশোক কুমার মজুমদার জানান, তিনি কারো জমি দখল করেননি। বরং তাদের শরিকদের বঞ্চিত করে তারই কাকাতো ভাই নারায়ণ চন্দ্র ১ বিঘা সম্পত্তি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে একাই ভোগদখল করছে। এ বিষয়ে আদালতে একটি মামলাও করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কে এম শওকত হোসেন বলেন, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ বিষয়ক একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।