ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পিকনিকে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

সড়কের পাশে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয় বাসটি 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ২৩ নভেম্বর ২০২৪
সড়কের পাশে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয় বাসটি 
বিদ্যুতায়িত হওয়া বাসটি। ছবি: সংগৃহীত

শনিবার সকাল সাড়ে ৮টা। ওই সময় ছয়টি বিআরটিসি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী-শিক্ষকরা। পথে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছালে একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ে। এ সময় সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভেল্টেজের লাইনে বাসটি বিদ্যুতায়িত হয়। এতে বাসে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হন অনেকেই।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে। মৃত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)

স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী ওই এলাকার ‘মাটির মায়া’ রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছালে সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভেল্টেজের লাইনে একটি বাস বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিন ছাত্রের মৃত্যু হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও হাত, কারও পা, কারও মুখ ঝলসে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ, রুবলে মিয়া ও জাকির হোসন বলেন, পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। সব শেষের বাসটি সড়কের পাশের ১১ হাজার ভেল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়। এ সময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এ সময় তিনজন ছাত্র বাস থেকে বের হওয়ার চেষ্টা করলে তাদের একজনের মৃত্যু হয়। অপর দুইজনকে শুকনো বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধ করতে বললে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন বলেন, আমরা ছয়টি দোতলা বিআরটিসি বাস এবং  তিনটি মাইক্রোবাসযোগে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে রওনা হই। সকাল সাড়ে ৯টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছামাত্র রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বাসটি বিদ্যুতায়িত হয়। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এরমধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো দুজন মারা যান। 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান জানান, ওই লাইনটি ১১ হাজার ভেল্টেজের ছিল। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!