এছাড়াও প্রতি দোকান থেকে মাসে মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা ভাড়া নেয়া হচ্ছে। স্থানীয় সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ক্ষমতা ব্যবহার করে এসব অপকর্ম চালিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। অতিদ্রুত অবৈধ মার্কেট উচ্ছেদ করার দাবি জানান তারা।
ভুক্তভোগী দোকানদার, ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের পাশে ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। মার্কেটে ১৬টি দোকান তৈরি করেন তিনি। এসব দোকান থেকে তিন থেকে পাঁচ লাখ করে জামানত নিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এমনকি মার্কেটের সামনের ফুটপাটের জমিও ভাড়া নিতে দিতে হয়েছে দুই-তিন লাখ টাকা। তাদের কাছ থেকে ভাড়াবাবদ প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা করে নিচ্ছেন।
.png)
নারগিস আক্তার ২০১৯ সালে শাজাহান খানের ছত্রছায়ায় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর থেকেই বেপরোয়া হয়ে উঠেন। শুরু করেন দখলবাজি-টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধ।
স্থানীয় দোকানদার ও এলাকাবাসীরা বলেন, আমরা টাকা দিয়ে ব্যবসা করি। এই দোকান নারগিসের নিজের বলে টাকা নিয়েছে। এখন শুনি সরকারি। সরকার যদি এটা উচ্ছেদ করে, তাহলে ভালো। কিন্তু আমরা যে টাকাগুলো তাকে জামানত দিয়েছি, আমরা যেন সেই টাকা ফেরত পাই। সেই ব্যবস্থা যেন সরকার করে দেয়।
অভিযুক্ত নারগিস আক্তারের ভাই বেলায়েত হোসেন দোকান থেকে ভাড়া উত্তোলনের কথা স্বীকার করে বলেন, আগে আমি ভাড়া উত্তোলন করতাম। তবে সরকার পতনের পর অনেকেই ভাড়া দিচ্ছেন না। সরকারি জমি কিনা আমি জানি না।
মাদারীপুর সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, সরকারি জমি দখল করে নারগিস আক্তার মার্কেট নির্মাণ করেছেন। এটা অন্যায়। আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলেয়া বেগম বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান যে দোকানগুলো দখল করে নিয়েছেন, সেগুলো আমাদের ইউনিয়ন ভূমি অফিসের জমি। এ বিষয়ে তার কাছে আমরা কাগজপত্র চেয়েছিলাম, কিন্তু তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারেনিনি। এরপর আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, বিষয়টি তদন্ত করে শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।