ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীত নিবারণে প্রত্যন্ত অঞ্চলে লেপ-তোষক তৈরির ধুম

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৬:১৩, ২০ ডিসেম্বর ২০২৪
শীত নিবারণে প্রত্যন্ত অঞ্চলে লেপ-তোষক তৈরির ধুম
লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা -ছবি: ডেইলি বাংলাদেশ

হাওর অঞ্চল কিশোরগঞ্জে শীত জেঁকে বসেছে। শীত নিবারণে কিশোরগঞ্জ শহরে ও প্রত্যন্ত অঞ্চলে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে। ক্রেতারা ভিড় জমাচ্ছেন লেপ-তোষক তৈরির দোকানে। আর তাই লেপ-তোষক তৈরিতে বেশ ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কারিগররা।

জেলার ছোট-বড় লেপ তোষক প্রস্তুতকারী বিভিন্ন দোকান মালিক, শ্রমিক, ধুনাইকার এখন তুলা ধুনায় ও লেপ-তোষক তৈরি ও সেলাইয়ের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন।

কারিগররা বলছেন, দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশঙ্কায় শহরের বিভিন্ন এলাকার মানুষ নতুন লেপ-তোষক তৈরি করছে। বছরে অন্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ১০-১২টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে বলেন কারিগররা।

লেপ-তোষক ব্যবসায়ী চরশোলাকিয়া রেলগেট সংলগ্ন বিল্লাল বেডিং স্টোরের স্বত্বাধিকারী মো. বিল্লাল মিয়া জানান, গত মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচুর লেপ-তোষক তৈরির অর্ডার পাওয়া যাচ্ছে। কাজ সামাল দিতে অতিরিক্ত কারিগরও রাখতে হচ্ছে। তারা চেষ্টা সাধ্যমতো করছেন সঠিক সময়ে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দিতে। এছাড়াও অর্ডার নেয়ার পাশাপাশি অগ্রিম কিছু লেপ-বালিশ ও তোষক বানিয়ে রেখেছি। ক্রেতা সাধারণের কাছে এসব রেডিমেট হিসেবে বিক্রি করে থাকি।

লেপ-তোষক তৈরির কারিগর সুজন, বাবুল ও সুমন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করছেন।দোকানগুলোতে দেখা গেছে কেউ তুলা ধুনছেন, কেউ সেলাই করছেন, কেউ কাপড় কাটছেন। সব মিলিয়ে দোকানে কেউ বসে থাকছেন না।

লেপ-তোষক কিনতে এসেছেন ক্রেতা।

ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর তুলার দাম একটু বেশি, যে কারণে তৈরি করতে দাম বেশি নিচ্ছে। ঋতু বৈচিত্র্যে শীতের রাতে কুয়াশা আর দিনে হালকা গরম থাকলেও শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ফলে শীত নিবারণে এ অঞ্চলের মানুষের প্রস্তুতি চলছেও পুরোদমে।

কিশোরগঞ্জ জেলাটি হাওরবেষ্টিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশি থাকে। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে ঠান্ডা নিবারণের জন্য লেপ-তোষক বানিয়ে মানুষের প্রস্তুতি চলছে। আর এ সুযোগে পসরা সাজিয়ে বসেছেন পুরাতন কাপড়ের দোকানিরাও। পুরাতন কাপড়ের দোকানেও ক্রেতারা ভিড় করছেন।

লেপ-তোষক বানাতে আসা ক্রেতা এখলাছুর রহমান বলেন, শীত পড়লে ঝমেলা হয়, তাই আগাম লেপ-তোষক বানাচ্ছি।

লেপ-তোষক প্রস্তুতকারী মো. বিল্লাল মিয়া বলেন, দোকানে প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরি হিসেবে ২০০ থেকে ৩০০ টাকা আর জাজিম ৪০০ টাকা খরচ হয়। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তোষক তৈরিতে ১ হাজার থেকে ১২শ‘ আর জাজিম ২৫শ’ থেকে ৩ হাজার টাকা খরচ পড়ে। তাছাড়া কার্পাস তুলা দাম বেশি হওয়ায় অনেকে গার্মেন্টসের তুলা দিয়ে লেপ তৈরি করে থাকেন। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় চাহিদাও বেশি থাকে।

বিল্লাল মিয়া আরো বলেন, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন মিয়ার সাহায্য-সহযোগিতায় লেপ-তোষক তৈরির করে আজ আমি স্বাবলম্বী হয়েছি। ৩ ছেলেমেয়েকে পড়ালেখার খরচ মিটিয়ে এ ব্যবসা থেকেই সংসারের হাল ধরে আছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!