বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।
শনিবার সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুর মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
.png)
শ্মশানের সহ-সভাপতি সুবল কুমার দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মন্দিরের ভেতরে তালা ভেঙে দানবাক্সসহ পুরোনো কাসা, পিতলের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ৩/৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানান তিনি।
ওসি মো. মাহাবুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জড়িতদের চুরির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।