বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।
পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও যুথি পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোর থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। তাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের লাশ বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান।
এসআই ফিরোজ হোসাইন আরো জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।