ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৪
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক সুয়িং অপারেটর জানান, গত ১৭ ডিসেম্বর আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা কাজ বন্ধ করি। এরপর কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। আমাদের পরিবার এখন অর্থ সংকটে পড়েছে। দ্রুত কারখানা খুলে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।

Advertisement

এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের একজন সদস্যকে আঘাত করে শ্রমিকরা। এ ঘটনায় শিল্প পুলিশ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা গত ১৭ ডিসেম্বর কাজ বন্ধ করে। এর ফলে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

তিনি আরো বলেন, সোমবার সকালে প্রায় ২০০ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। আমরা তাদের জানিয়েছি, প্রতিটি ফ্লোর থেকে ১৫ জন করে প্রতিনিধি পাঠাতে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে, ২০০ জন শ্রমিকের কথায় কারখানা খোলা সম্ভব নয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা সকাল থেকে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানজট কিছুটা কমলেও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হলে বিক্ষোভ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে। শ্রমিকরা দাবি করছেন, তাদের মামলা প্রত্যাহারসহ কাজের পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!