ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩১, ২২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে কারখানায় আগুন, নিহত বেড়ে ২
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। তাই পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। আমরা পুরো কারখানা সার্চ করছি। ধারণা করছি- প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।

Advertisement

এর আগে, এদিন দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন ধরে যায়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। আশপাশের বসতবাড়ির লোকজন তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদে নিয়ে আসতে থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুনের ম্যাসেজ দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাত ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!