জমি বিরোধ: এক ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত জেরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (৫৬) নামে এক ব্যবসায়ীকে ঘুষি দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার তেঘুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে। আহতরা হলেন- নিতহের বড় ভাই নুরুই ইসলাম ও ছুট ভাই সিরাজুল ইসলাম।
.png)
এলাকাবাসী সূত্রে জানা যায়, তেঘুরিয়া মধ্যপাড়া গ্রামের ইউনুস তার শ্বশুরবাড়ি সূত্রে পাওয়া জমি স্থানীয় মেম্বার আহাজ উদ্দিনের কাছে ৭ শতাংশ জমি বিক্রি করার জন্য বন্দবস্ত নেন। প্রকৃত পক্ষে ইউনুসের ৫ শতাংশ জমি মাঠে আছে এই নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক দরবার অনুষ্ঠিত হয়। পরে ইউনুসের সঙ্গে আবুল কালামের কথা-কাটাকাটি শুরু হলে ইউনুস ও তার নাতি তাওহীদ কালামের গলা চেপে ধরেন। এ সময় জমির ক্রেতা আহাজ উদ্দিন মেম্বার তাকে ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি হাসান আল মামুন বলেন, জমিজমা সংক্রান্ত জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একপক্ষের একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে প্রথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।