বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল বেগম (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)।
.png)
স্থানীয়রা জানান, অটোরিকশাটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের গাছতলা বাজার এলাকায় পোঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক আব্দুর রশিদ ও বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাজমুস সাখাওয়াত বলেন, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসলে আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন।
ওসি টিপু সুলতান বলেন, দুটি লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।