ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৪
অ্যাম্বুলেন্স-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫
দুর্ঘটনাকবলিত স্থানে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে অ্যাম্বুলেন্স ও সিএনজির সংঘর্ষে আছিয়া বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত আছিয়া বেগমের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)’র পরিচয় জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে পৌঁছলে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরো পাঁচজন।

Advertisement

দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বেয়াইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম আমি। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হই আমরা। আমি আর কিছু বলতে পারব না।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুইজন সেখানে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পড়েছে, যা কাঁচপুর হাইওয়ে থানার অধীন। আপনারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর আমরা জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!