ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউরোপ পাঠানোর নামে কোটি টাকা নিয়ে উধাও এজেন্সি

নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৪:৫১, ৮ জানুয়ারি ২০২৫
ইউরোপ পাঠানোর নামে কোটি টাকা নিয়ে উধাও এজেন্সি
শ্রীনগর নতুন বাজারে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

কিশোরগঞ্জের ভৈরবে ইউরোপ পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ করেছেন ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ নামের ট্রাভেল এজেন্সির মালিক এমএস আজিজুল হক, তার স্ত্রী সাফরিন হক এবং ম্যানেজার ইউনুস। এমন অভিযোগ নিয়ে বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় শ্রীনগর নতুন বাজারে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ঢাকার গুলশানে অবস্থিত ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’। ওই ট্রাভেল এজেন্সির মালিক এমএস আজিজুল হক এবং ম্যানেজার ইউনুস। তারা ভুক্তভোগীদের কাছ থেকে ১৫ জনকে ওয়ার্ক পারমিট ও জব অফার লেটারের প্রতিশ্রুতি দিয়ে কানাডা ও সার্বিয়া পাঠানোর নাম করে প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগীরা আরো জানান, ২০২৩ সালের ১২ মার্চ কানাডায় পাঠানোর কথা বলে ১৫ জনের মধ্যে সাতজনকে ভারত ও নেপাল পাঠানো হয়। তবে, সেখান থেকে ফেইক ভিসার কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে গুলশানে অবস্থিত ওই ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে তালাবদ্ধ অবস্থায় অফিস ফাঁকা দেখতে পান ভুক্তভোগীরা।

Advertisement

এ বিষয়ে ভুক্তভোগীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে একটি মামলা দায়ের করেছেন। তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাসপোর্ট ও ভিসা ফি বাবদ আত্মসাৎ করা ১ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!