ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহিলা কলেজে শিক্ষকতা, পদ হারালেন জামায়াত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ১৪ জুলাই ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা, পদ হারালেন জামায়াত নেতা
সংগৃহীত ছবি

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নতুন জেলা সেক্রেটারি হিসেবে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী—কোনো পুরুষ সদস্য যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তিনি দলের সদস্য (রুকন) হিসেবে কোনো সাংগঠনিক দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এই দলীয় নীতির আলোকেই কুষ্টিয়া জেলা সেক্রেটারির পদে পরিবর্তন আনা হয়েছে। সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সবার সম্মতিক্রমে এনামুল হককে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পদ হারানোর বিষয়ে সাবেক জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সারা দেশে এই নিয়ম কার্যকর করেছে। তিনি বলেন, “আমি সংগঠনের সিদ্ধান্ত সানন্দে মেনে নিয়েছি, দলের এই নির্দেশনার প্রতি আমার কোনো ক্ষোভ বা কষ্ট নেই।”

তিনি আরও জানান, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। তৎকালীন সময়ে গঠনতন্ত্রের এই বিধানটি শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো সমস্যা ছিল না। তবে ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে আবারও তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে শুধু কুষ্টিয়াতেই নয়, সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শূন্য পদগুলোতে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিকে নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক জানান, জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের নির্দেশনা মেনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!