শনিবার বিকেলে মহেশখালী জেটিঘাট চত্বরে ‘মহেশখালী নাগরিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন কক্সবাজার সিটি কলেজের নবনিযুক্ত প্রভাষক রুহুল আমিন।
সভায় বক্তব্য দেন মহেশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক মির্জা তারেক, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বাশার পারভেজ, সাংবাদিক জাহেদ সরওয়ার, দক্ষিণ ছাত্রসেনা নেতা আমির হোসেন, সাংবাদিক এস এম রুবেল, নুরুল আবছার ও ব্যাংকার মাহাবুব আলম। এ সময় স্থানীয় ছাত্র-যুবসমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেটিঘাটে আসা কয়েকজন পর্যটকও বক্তব্য দেন।
.png)
বক্তারা বলেন, জেটিঘাটে টোল আদায়ের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, টোল আদায়ের নামে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না। নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।
প্রতিবাদ সভার শেষ পর্যায়ে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ফোনে সভায় যুক্ত হন। তিনি ঘোষণা দেন, আজ থেকে মহেশখালী জেটিঘাটে টোল ৫ টাকা করে নেওয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত টোলের অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ ও টোল আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘোষণার পর স্থানীয় বাসিন্দা, ছাত্র-যুবসমাজ ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।