ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখ চুরি করতে এসে ভারতীয় নাগরিক আটক, পুলিশে হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ৯ আগস্ট ২০২৬
আখ চুরি করতে এসে ভারতীয় নাগরিক আটক, পুলিশে হস্তান্তর
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির সময় আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

রোববার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।

Advertisement

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীপঙ্কর গোপ সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি স্থানীয় একটি আখক্ষেতে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে গ্রামের লোকজনের হেফাজতে রাখা হয়।

এ সময় স্থানীয়রা তাকে ভারতের কাছে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান।

ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিককে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনের বিষয়ে বিএসএফ জানিয়েছে, তাকে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!