ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু, একই দিনে বাবা-ছেলের জানাজা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ১৮ আগস্ট ২০২৬
ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু, একই দিনে বাবা-ছেলের জানাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ছেলের মরদেহ বাড়িতে ফিরেছে। শেষবারের মতো ছেলের মুখ দেখে শোকে ভেঙে পড়েন বাবা। কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলের পাশেই মারা যান তিনি। পরে একই দিনে পাশাপাশি জানাজা অনুষ্ঠিত হয় বাবা ও ছেলের।

হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে। নিহতরা হলেন দিনমজুর লিটন কাজী (৩২) ও তাঁর বাবা মান্নান কাজী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের কিস্তি পরিশোধের চাপ ও টাকা জোগাড় করতে না পেরে গত ১৬ আগস্ট বিষপান করেন লিটন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়।

Advertisement

প্রতিবেশী বাচ্চু শেখ জানান, লিটন শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। তার স্ত্রী কাকলি একটি ক্ষুদ্রঋণ সংস্থা থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সংসারের প্রয়োজন মেটাতে পরবর্তী সময়ে আরও কয়েকটি ঋণ নেওয়া হয়। এতে পরিবারের ওপর ঋণের বোঝা বাড়তে থাকে। কিস্তি পরিশোধ করতে না পারায় লিটন মানসিক চাপে ছিলেন বলে জানান স্থানীয়রা।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ছেলের নিথর দেহ দেখে বাবা মান্নান কাজী শোকে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। এতে স্বজন, প্রতিবেশীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

একই দিনে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!