বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে এবং তাহমিদ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
.png)
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরতে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছ ধরতে পানিতে নামার পর তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতে তারা নিখোঁজ হয়ে পড়ে।
দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।