স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে তিনি জানান, দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেম-ভালোবাসার সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তারিকুল ইসলাম বলেন, “আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।”
.png)
তিনি আরও বলেন, জীবনের ভালো-মন্দ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। অতীতের সম্পর্ক ও কষ্টকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারিকুলের এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে ভিন্নভাবে দেখলেও তারিকুলের ভাষ্য অনুযায়ী, দুধ দিয়ে গোসল ছিল তার অতীতের প্রেমের সম্পর্ককে বিদায় জানানোর প্রতীকী আয়োজন।
স্থানীয় কয়েকজন জানান, প্রেমে ব্যর্থ হয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েন। তবে তারিকুলের এই আয়োজন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। দুধ দিয়ে গোসল করে তিনি প্রকাশ্যে নিজের অনুভূতি ও সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে ‘ব্যতিক্রমী ব্রেকআপ’ হিসেবে দেখছেন। তবে তারিকুলের প্রত্যাশা, অতীতের কষ্ট ভুলে তিনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।