রোববার (২৯ আগস্ট) আড়াইহাজার উপজেলার নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম আরাফাত। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন।
.png)
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিম শেষ করে আড়াইহাজার বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় আতাউর রহমান সানির নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি আরাফাতকে ধরে নিয়ে যান। পরে তাকে শহীদ মিনারের পাশে একটি জনকল্যাণ পরিষদে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের ফোন করে তার মুক্তির বিনিময়ে টাকা দাবি করা হয়।
পরিবারের দাবি, অপহরণকারীদের দাবির পর তারা ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। টাকা দেওয়ার পরও আরাফাতকে মারধর করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আরাফাতকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর চাচা দায়ের ফকির বলেন, ‘আমার ভাতিজাকে ধরে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা না করার জন্যও আমাদের চাপ দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে আতাউর রহমান সানির বক্তব্য জানা যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।