ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৬ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশের ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

Advertisement

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!