রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডিল, ১ হাজার ২০১ বোতল স্কার্ফ সিরাপ এবং ছয় বোতল বোটকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
.png)
মাদক উদ্ধারের পাশাপাশি অভিযানে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুই মাসে মাদক মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির মামলায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫ জনকে। সব মিলিয়ে গত দুই মাসে দাউদকান্দি মডেল থানা পুলিশ মোট ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং মেঘনা ও গোমতী নদীবেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ কারণে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।