ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬
তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
ছবি: ডেইলি-বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাঁসের চরসংলগ্ন তেতুলিয়া নদীতে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, অভিযানের সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার ও একটি বাল্কহেড উদ্ধার করা হয়। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত সাতজনকে আটক করা হয়।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন ড্রেজারে থাকা মো. জাহাঙ্গীর (২২), মো. মেহেদি হাসান (২২) ও মো. নূর আলম (১৮)। বাল্কহেডে ছিলেন আব্দুল বাসেত (৪৫), মো. সুমন (২০), মো. নূমান (১৮) ও মো. জসিম হাওলাদার (৪৫)।

পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ড্রেজার ও বাল্কহেড বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!