ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার আঙিনা এবং উপকারভোগীদের বাড়িতে এসব চারা রোপণ করা হবে।
ভোলার চরগাজী এলাকায় পিকেএসএফের সহযোগিতায় পরিচালিত আরএইচএল প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
.png)
কর্মসূচির আওতায় নারিকেল, কদবেল, মেহগনি ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এসব গাছ রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ আচ্ছাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান ও ভোলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল হক অনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
আয়োজকেরা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলজ গাছ স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপকারভোগীদের বাড়ির আঙিনায় এসব চারা রোপণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।