ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় জমি বিরোধে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জমি বিরোধে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ভোলার ধনিয়ায় জমি বিরোধে হামলার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধনিয়া ইউনিয়নের দড়িরামশংকর এলাকার নাছির মাঝি রোডে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শামছুদ্দিন হাওলাদারের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৪ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে গাছ থেকে নারিকেল পাড়তে শুরু করেন। পরিবারের সদস্য আলম এতে বাধা দিলে তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।

Advertisement

বক্তারা আরও বলেন, আলমের চিৎকার শুনে তাকে রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তার ভাই, স্ত্রী ও ছেলেকেও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। হামলাকারীরা আহতদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে মানববন্ধনে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার পর ঘটনাটি ভিন্ন খাতে নিতে অভিযুক্ত পক্ষ নিজেদের পুকুরে বিষ প্রয়োগ করে উল্টো তাদের পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের আরও অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শামছুদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা সাহেব আলী, আবুল খায়ের, মাকসুদ, মাহাফুজ, হৃদয় হাসান ও রাশিদা বেগমসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং হামলা, লুটপাট ও পাল্টা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়ার তথ্যও প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!