ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শুক্রবার সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৯। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুড়ি চত্বরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্রামের মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষণ কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) এবং মৃত মন্টু তাতীর ছেলে হৃদয় তাতী (২৫)।

এসআরবি জানায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুরমা চা-বাগান এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!