ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এ নোটিশ দেন।

Advertisement

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহাল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নোটিশে আরও বলা হয়, সংঘর্ষের ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

এ ঘটনায় সৈয়দ সাঈদ আহমেদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপির কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অষ্টগ্রাম উপজেলার বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের মধ্যে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও ছিল।

এরই জেরে গতকাল শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!