ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্তোরাঁকর্মীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্তোরাঁকর্মীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরের পাশে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন এতিমখানা এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত এন্তাজ মাস্টারের ছেলে। তিনি পৌর শহরের নতুন বাজার এলাকার একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই বসতঘরের পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। এতে পাশাপাশি থাকা তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। শুক্রবার বাড়িতে মেহমান আসার কথা থাকায় দুপুরে আনোয়ার দুই ঘরের মাঝের জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ টিনের বেড়ার সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

Advertisement

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মাসুম অভিযোগ করেন, তিনি ও তার বড় ভাই পাশাপাশি ঘরে বসবাস করেন। শুক্রবার সকালে তিনি দেখতে পান, বাড়ির বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। বিষয়টি জানিয়ে তিনি মোবাইল ফোনে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেন। কর্মকর্তারা আসার কথা বললেও পরে আর কেউ ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন তিনি।

মাসুমের অভিযোগ, পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দায়িত্বে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আবদুর রহিম ডেইলি বাংলাদেশকে বলেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গাফিলতির বিষয়টি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!