ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কটিয়াদীর যুবকের মৃত্যু
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় মালয়েশিয়ায় পাড়ি দেওয়া মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেড় বছরের মেয়েকে দেখার সুযোগও হয়নি তার। ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশে কর্মরত ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদীর মিজানুর রহমান। তবে প্রবাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তার সেই স্বপ্ন থেমে গেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

মিজানুর রহমান কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। ১ অক্টোবর বিকেলে কুয়ালালামপুরে তার মৃত্যু হয়।

মিজানের বাবা মো. মিলন মিয়া জানান, পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর ধরে বিদেশে ছিলেন তার ছেলে। মালয়েশিয়ায় কাজ করে উপার্জিত অর্থ দিয়ে নিয়মিত পরিবারের খরচে সহযোগিতা করতেন তিনি।

Advertisement

মিজানুর রহমান দেড় বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা। তবে মেয়ের জন্মের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। ফলে নিজের সন্তানকে দেখার পাশাপাশি তাকে কোলে নেওয়ার সুযোগও হয়নি তার।

মিলন মিয়া বলেন, ‘আমার নাতনি জন্মের পর তার বাবাকে দেখতে পারেনি। বাবার কোলে ওঠার সুযোগও হয়নি তার। ছেলের মরদেহ দ্রুত মালয়েশিয়া থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’

মিজানের সহকর্মী প্রবাসী মোহাম্মদ উজ্জল মিয়া জানান, মিজানুর রহমান মালয়েশিয়ার এল অ্যান্ড এল মেটাল স্টেইনলেস স্টিল মিলে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আচমিতা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুজ্জামান সোয়েব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিজানুর রহমানের মৃত্যুর খবর পান তিনি। মিজানের স্ত্রী ও দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!