আখাউড়ায় আগাম শীতের সবজির সরবরাহ বাড়ছে, কমছে দাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের আগমনের আগেই বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
শনিবার (৩ অক্টোবর) পৌর শহরের সড়ক বাজারের সবজির আড়ত ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাজারে শিম, টমেটো, ফুলকপি, মুলা, গাজরসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি উঠেছে। কয়েক দিন আগেও যেসব সবজির দাম তুলনামূলক বেশি ছিল, সরবরাহ বাড়ায় সেগুলোর দাম এখন কিছুটা কমেছে।
.png)
শনিবার বাজারে প্রতি কেজি শিম ১৭০ থেকে ১৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০, আলু ৩০, করলা ৭০ থেকে ৮০, বেগুন ৭০ থেকে ৮০, গাজর ১২০ থেকে ১৩০, মুলা ৫০ থেকে ৬০, বরবটি ৬০ থেকে ৭০, মুখি ৬০ থেকে ৬৫, পটল ৫০ থেকে ৬০, ঢেঁড়স ৬০ থেকে ৭০, ফুলকপি ১৩০ থেকে ১৪০, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ এবং কাঁচা মরিচ ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ থেকে ৪০ টাকা, প্রতি পিস চালকুমড়া ৪০ থেকে ৫০, লাউ ৬০ থেকে ৭০ এবং প্রতি হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির দাম বেশ চড়া ছিল। তবে গত কয়েক দিন ধরে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দামও কমছে। বাজারে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে বলে জানান তারা।
রাধানগর এলাকার ক্রেতা মো. সোহেল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সবজির দাম অনেক বেশি ছিল। ইচ্ছা থাকলেও প্রয়োজন অনুযায়ী কেনা সম্ভব হতো না। গত কয়েক দিনে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে দাম কিছুটা কমেছে। এখন পছন্দের সবজি কিনতে পারছেন।
আরেক ক্রেতা মো. শাহজাহান বলেন, আগের তুলনায় বর্তমানে সবজির দাম কিছুটা কম। অল্প টাকায় কয়েক ধরনের সবজি কেনা যাচ্ছে।
গৃহিণী লিমা আক্তার বলেন, বাজারে আগাম শীতের সবজি উঠতে শুরু করলেও সে অনুযায়ী দাম খুব একটা কমেনি। বেশির ভাগ সবজিই ৬০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে। বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হলে দাম আরও কমতে পারে।
অটোরিকশাচালক মো. রনি বলেন, সবজির দাম বেড়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী কেনা সম্ভব হতো না। এখন আগাম শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। দাম আরও কমলে খেটে খাওয়া মানুষের জন্য সুবিধা হবে।
সবজি ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, কয়েক দিনের তুলনায় বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমে আসবে বলে আশা করছেন তিনি।