ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সমুদ্রের জলে পুণ্যস্নান, উৎসব শেষে ফিরছেন পুণ্যার্থীরা
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাসপূর্ণিমা উপলক্ষে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে অনেকে ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।
এর আগে রোববার (২২ নভেম্বর) থেকে আলোরকোলে শুরু হয় তিন দিনব্যাপী রাস উৎসবের মূল আয়োজন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকলেও উৎসবে অংশ নিতে সুন্দরবনের দুবলার চরে ভিড় করেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই চলে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার ভোর থেকেই পুণ্যস্নানের জন্য আলোরকোলের সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন পুণ্যার্থীরা। পূজা-অর্চনা শেষে তারা সমুদ্রের পানিতে স্নান করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন অনেকে। পরে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রলার ও নৌযানে করে নিজ নিজ গন্তব্যে রওনা হন তারা।
প্রতিবছর রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে পূজা, পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালন করেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি সুন্দরবনকেন্দ্রিক একটি ঐতিহ্যবাহী আয়োজন হিসেবেও পরিচিত।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও এবারের উৎসবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।