পুবাইলে ঝুটের গুদামে আগুন, আধঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাহ্য বিভিন্ন সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৩টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুনের সূত্রপাত হয়। ওই শেডে ববিন, রোলার, প্লাস্টিক, বিভিন্ন ধরনের কাগজসহ নানা দাহ্য সামগ্রী গুদামজাত করে রাখা ছিল। এসব সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় ওই সময় গুদামে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। গুদামের ভেতরে থাকা দুই শিশুও আগুন লাগার পরপরই নিরাপদে বের হয়ে আসে। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় পুরোপুরি নির্বাপণের কাজ। বিকেল ৩টার মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর নির্বাপণের কাজ চলে। বিকেল ৩টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।’
তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।