ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
সাতক্ষীরা শহরের আলোচিত কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। অমিত হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন- এমন তথ্য পায় পুলিশ। পরে সদর থানা, কালীগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি দল মঙ্গলবার ভোর ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত আসামি নাহিদ হাসান ও জাকারিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি অমিত হাসানকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ বাধে। এ সময় বাপ্পি হাসানকে বাঁচাতে গেলে কলেজছাত্র জাকারিয়াকে ছুরিকাঘাত করেন নাহিদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকারিয়া। এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।
এর আগে শনিবার ভোরে নিজ বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেফতার করে পুলিশ।