ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ৯ নভেম্বর ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ অংশ নিয়েছেন হাজারো মানুষ। গান, স্লোগান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করার পাশাপাশি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্যারেড ময়দানে আসতে শুরু করেন। বিকেল ৫টার মধ্যে দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠ প্রায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আয়োজন। এতে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব তাসনিম ঝুমা, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের বড় অংশজুড়ে ছিল শহীদ শরীফ ওসমান হাদির স্মরণ এবং হত্যার বিচারের দাবি। তাঁকে নিয়ে লেখা গান পরিবেশনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক দর্শনার্থী। এ সময় মঞ্চে উপস্থিত আব্দুল্লাহ আল জাবের, তাসনিম ঝুমা, সালাউদ্দিন আম্মার, আহমাদ আতাউল্লাহ সালমান ও অভিনেতা আসাদুজ্জামান আসাদকেও অশ্রুসিক্ত হতে দেখা যায়।

অনুষ্ঠানে চট্টগ্রামের পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, সালাউদ্দিন আম্মার ও আহমাদ আতাউল্লাহ সালমান ইসলামী সংগীত, জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক গান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি এবং এ বিষয়ে জনমত গড়ে তুলতেই ‘মেহফিল-এ-ইনকিলাব’ আয়োজন করা হয়েছে। বিশেষ করে তরুণীদের মধ্যে গড়ে ওঠা প্রতিবাদী মনোভাব সম্মিলিত প্ল্যাটফর্মে তুলে ধরতে চায় ইনকিলাব মঞ্চ।

পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিকে আরও জোরালো করে সরকারের দৃষ্টি আকর্ষণ করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান তাঁরা।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!