ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় নির্বাচনের মাঠে সাংবাদিক নেতা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ৬ অক্টোবর ২০২৬
আখাউড়ায় নির্বাচনের মাঠে সাংবাদিক নেতা
আখাউড়া খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন সাংবাদিক হান্নান খাদেম। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক কাজী হান্নান খাদেম। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এটি কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়। ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি গঠনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। খাদেমদের গোপন ভোটে কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

কাজী হান্নান খাদেম আখাউড়া প্রেসক্লাবের সহসভাপতি। দুই যুগেরও বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার আখাউড়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

২০০১ সালে খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে তাঁর দায়িত্ব পালনের শুরু। এরপর আরও তিনবার নির্বাচিত সদস্য হিসেবে প্রায় ১১ বছর মাজার শরীফের উন্নয়ন ও খেদমতে দায়িত্ব পালন করেন তিনি।

সংশ্লিষ্টদের দাবি, তাঁর দায়িত্ব পালনকালে মাজার শরীফের জামে মসজিদ, দ্বিতল কমপ্লেক্স, মুসাফিরখানা ও পুকুরের উন্নয়নসহ বিভিন্ন কাজ বাস্তবায়িত হয়। মাজারে আসা ভক্ত ও মেহমানদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি ভূমিকা রেখেছেন বলে জানান তাঁরা।

তরুণদের সুযোগ করে দিতে গত দুটি নির্বাচনে অংশ নেননি কাজী হান্নান খাদেম। এবার মাজার শরীফের খেদমত ও উন্নয়ন কর্মকাণ্ডে আবারও ভূমিকা রাখার প্রত্যাশায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ বাড়িয়েছেন এই প্রার্থী। তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং মাজার পরিচালনা কমিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়েও ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

কাজী হান্নান খাদেম বলেন, “ভোটাররা অতীতে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে বারবার নির্বাচিত করেছেন। আমি তাঁদের আস্থার মর্যাদা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এবারও সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মাজার শরীফের খেদমত ও উন্নয়নে কাজ করতে চাই। ভোটারদের প্রতি আমার আস্থা রয়েছে। আশা করি, তাঁরা এবারও আমার পাশে থাকবেন।”

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!