নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি ও হুমকি, গ্রেফতার ১
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসায়ীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন ‘নয়ন খাবার হোটেল’-এর স্বত্বাধিকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ওই নারী নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পেছন থেকে এসে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বাধা দিলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
পরে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও স্বজনরা ঘটনার প্রতিবাদ করেন। এ সময় জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।