ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৬ অক্টোবর ২০২৬
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন করেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এই শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ মানুষ সহজেই বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ বাজারসংলগ্ন মহর মোল্লা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজীরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন রেজা, ইউসিবি ব্যাংকের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. লিয়াকত আলী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজীর হোসেন মোল্লা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াহিয়া, ইউসিবি ব্যাংকের ফরিদপুর জেলার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী ইউসিবি ব্যাংকের ম্যানেজার সুব্রত পালসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গোয়ালন্দে ইউসিবির এজেন্ট শাখা চালুর ফলে স্থানীয় মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, গোয়ালন্দ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে নতুন ব্যাংকিং সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। তিনি গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এজেন্ট শাখা থেকে গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্সসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষও সহজে ব্যাংকিং সেবার আওতায় আসার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের শেষে অতিথিরা ফিতা ও কেক কেটে ইউসিবি ব্যাংকের এজেন্ট শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!