ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ৫ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে এবং একই বছরের ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে শহিদুল ইসলাম তাঁর মেয়ের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। মামলার অভিযোগে আরও বলা হয়, এর আগে প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তিনি মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর এবং হত্যার হুমকি দিতেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।

২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় শহিদুল ইসলামকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট। মামলার পর থেকেই আসামি পলাতক রয়েছেন।

রায় ঘোষণার পর পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!