ভাঙ্গুড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(৬ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ।
সভায় উপস্থিত ছিলেন নুসরাত জাহান সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মহির উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে।
এ ছাড়া সাংবাদিক মো. রায়হান আলীসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।