কয়রায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা
সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না করায় খুলনার কয়রা উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কয়রা বাজার ও হায়াতখালী বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শ্রাবনী বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্টারে সঠিক ভাবে লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে হায়াতখালী বাজারের রিজিয়া ষ্টোরের মালিক কামরুল ইসলামকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন,কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।