ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, মশামুক্ত পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করি’ স্লোগানে ভোলার দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার সকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পরে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণও গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় জনকল্যাণ ও পরিবেশের উন্নয়নে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করছেন। ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জিব মৃর্ধা, সদস্যসচিব সোহান হাওলাদারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।