ভীমরুলের কামড়ে দুর্গাপূজা কমিটির সাবেক সম্পাদকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বপন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী রত্না দাস, ভাগনে সজিব দাসসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটার সময় ভীমরুলের বাসা ভেঙে গেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্বপন দাসকে ঢাকায় নেওয়া হলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্বপন দাস শ্রীপুর সদরের মৃত নরেন্দ্র দাসের ছেলে। তার স্ত্রী রত্না দাস ঢাকার সিনসিন জাপান হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
স্বপন দাসের ভাতিজা কৃষ্ণ বাশফোর জানান, শুক্রবার সকালে বাড়ির কাজের জন্য বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান স্বপন দাস। এ সময় অসাবধানতাবশত ভীমরুলের বাসা ভেঙে গেলে ঝাঁকে ঝাঁকে ভীমরুল তাঁকে আক্রমণ করে। এ সময় তার স্ত্রী রত্না দাস, ভাগনে সজিব দাসসহ আশপাশের কয়েকজনও ভীমরুলের কামড়ে আহত হন।
পরে স্বজনেরা গুরুতর আহত স্বপন দাসকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার সিনসিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ভীমরুলের কামড়ে আহত স্বপন দাসকে জরুরি বিভাগে আনার পর তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।