ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ২ অক্টোবর ২০২৬
ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ
গাজীপুরে শ্রমিক সমাবেশ

গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন।

Advertisement

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।

পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!