ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ট্রাক উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১২ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ট্রাক উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক উদ্ধার করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ১২ টনের টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ অভিযান চালানো হয়। একই দিন বিকেল ৩টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের সহকারী মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের দাবি, রমজান আলী এই মাদকের চালানের মূল কারবারি।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ডিবির একটি দল জানতে পারে, ইয়াবার বড় একটি চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকটির চালক, সহকারী ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।

পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে নীল রঙের ১৫০টি জিপার ব্যাগে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে ট্রাকটি ছাড়াও দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে ট্রাকচালক ও সহকারীর সহযোগিতায় সেগুলো যশোরে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!