ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এ উপলক্ষে নতুন জামা-কাপড়, জুতো থেকে গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে ক্রেতার সমাগম। শহরের নিউমার্কেট, বড় বাজার, এস এস রোড ,স্টেশন রোড,হকার্স মার্কেট, মুজিব সড়ক, খলিফাপট্টি সহ শহরের জুড়ে বসেছে পূজার বাজার।

দোকানগুলোতে শার্ট, জিনসের প্যান্ট, টিশার্ট, ফ্রক, বেবি সেট, থ্রিপিস, জুতো, স্যান্ডেল, প্রসাধনী, গহনাসহ বিভিন্ন সামগ্রী  বিক্রি হচ্ছে।মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। রীতিমতো দরকষাকষি করে পছন্দের জামা-কাপড়সহ বিভিন্ন সামগ্রী কিনছেন ঘরমুখী মানুষ। ভাসমান, ক্ষুদ্রপুঁজির এই দোকানিরাও ‘কম লাভ বেশি বেচা’ নীতিতে পণ্যসামগ্রী বিক্রি করছেন। 

কাপড় বিক্রেতা শফিকুল ইসলাম জানান, শহরের চৌরাস্তা থেকে- বাহির গোলা রোড- ফুটপাতে টাউজার, জামা, গেঞ্জির দোকান বসেছে। কম লাভেই আমরা মালামাল বিক্রি করছি। অন্যথায় অন্য দোকানি ক্রেতাদের কাছে টানবে এই ভয়ে। 

কেনাকাটা করতে আসা মলি সাহা, প্রমীলা রাণী জানান, কম বাজেটে মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান সবার জন্য পূজার নতুন জামা কিনতে হলে ফুটপাতের বাজারই শেষ ভরসা। দরদাম করে, দেখেশুনে কিনতে পারলে সবার মুখে পূজার হাসি ফোটানো যায়। তিনি জানান, ফুটপাতের দোকানে আসল, নকল, পুরাতন ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য থাকে। দেখেশুনে কিনলে ঠকার আশঙ্কা কম।

এছাড়া চিড়া, মুড়ির দোকান ও নারিকেলের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। সিরাজগঞ্জ শহরের শারদীয় দুর্গাপূজার জমজমাট বেচাকেনা চলছে বলে জানান ক্রেতারা।  

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!