তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও মহড়া শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে উপকূলীয় উপজেলা তজুমদ্দিনে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সরকারি সতর্কবার্তা অনুসরণ, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ওমর আসাদ রিন্টু এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকসহ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।