নালিতাবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি মনোহারি দোকান ও ১টি খাবারের হোটেলকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকারের বিভিন্ন আইন লঙ্ঘনের অপরাধে কাকরকান্দি বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক রুহুল আমীনকে ২ হাজার টাকা, ‘রাকিব স্টোর’-এর মালিক রাকিবুল হাসানকে ২ হাজার টাকা, ‘সায়েদুল স্টোর’-এর মালিক সায়েদুল ইসলামকে ৫ হাজার টাকা এবং ‘আল মদিনা খাবারের হোটেল’-এর মালিক খোকন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নালিতাবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তার দায়িত্বে শেরপুর পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ দল উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিন নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন কসমেটিক্স দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি না করার জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে কর্তৃপক্ষ।