পচা ডিম দিয়ে বেকারির খাবার তৈরি, ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া শহরে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারির খাদ্যপণ্য তৈরির দায়ে এশিয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের ভাদুঘর এলহামপাড়ায় বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়া বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিক আলী আজগরকে পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করে বিশেষ রাসায়নিকের মাধ্যমে দুর্গন্ধ দূর করার পর সেগুলো বেকারির বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযানে উঠে আসে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় বেকারির মালিক আলী আজগরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাকে সতর্ক করা হয়। একই সঙ্গে অপরাধ সংশোধন এবং এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করে মুচলেকা দেন তিনি।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।