ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে ডেঙ্গুর বিস্তার রুখতে স্বাস্থ্য বিভাগের তৎপরতা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১৫ অক্টোবর ২০২৬
লালমোহনে ডেঙ্গুর বিস্তার রুখতে স্বাস্থ্য বিভাগের তৎপরতা
লালমোহনে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন ইউএইচএফপিও ডা. আবু মাহমুদ তালহা সাদী। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু মাহমুদ তালহা সাদীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার এবং মশার কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তিনি।

এ সময় ডা. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সারা দেশের মতো লালমোহনেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় লালমোহনে এ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার, মশা প্রতিরোধক প্রয়োগ এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দেন তিনি।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!